১৭ নভেম্বর ২০১৩ - ২০:৩০
পরমাণু সমস্যার সমাধানে সম্মত ইরান এবং আইএইএ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অতীত ও বর্তমানের সব সমস্যা সমাধানের বিষয়ে একমত হয়েছে তেহরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অতীত ও বর্তমানের সব সমস্যা সমাধানের বিষয়ে একমত হয়েছে তেহরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।

সংস্থার প্রধান ইউকিয়া আমানো এ কথা বলেছেন। ইরান সফর শেষে তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছানোর পর আমানো সাংবাদিকদের এ কথা জানান। তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে পরমাণু আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আমানো আশা করেন, ইরানের সঙ্গে যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়নে কোনো বেগ পেতে হবে না। 

আমানো জানান, তেহরান এবং আইএইএ’র মধ্যে যে সমঝোতা হয়েছে তা তিন মাসে ছয়টি ধাপে বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে তেহরানে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে সেটিই হচ্ছে সহযোগিতার কাঠামো।

ইউকিয়া আমানো আরো বলেন, “সহযোগিতার ক্ষেত্রে যে সমঝোতা হয়েছে তা অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে এ নিয়ে এখনো অনেক কিছু করতে হবে। ইরানের পরমাণু কর্মসূচির ইস্যুটি একটি জটিল বিষয় এবং তা রাতারাতি সমাধান হয়ে যাবে না।”

গতকাল (সোমবার) ইউকিয়া আমানো এবং ইরানের আণবিক শক্তি কমিশনের প্রধান আলী আকবর সালেহি রাজধানী তেহরানে এ যৌথ বিবৃতিতে সই করেন। এটি দু’পক্ষের মাঝে সহযোগিতার রোডম্যাপ হিসেবে কাজ করবে।